হাটহাজারীতে গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর


চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁওয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি শহীদ সেনাসদস্যদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তাঁরা দেশের জন্য শহীদ হয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। সরকার ও সেনাবাহিনী সব সময় আপনাদের পরিবারের পাশে থাকবে।”

তিনি বলেন, শহীদ সেনাসদস্যদের পরিবারের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের দেখভালের দায়িত্বও সরকার পালন করবে।
প্রধানমন্ত্রী আরও আশ্বাস দেন, শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।











