দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


দেশে উৎপাদনের সুযোগ রয়েছে—এমন কৃষি ও খাদ্যপণ্যের আমদানি ধীরে ধীরে কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ লক্ষ্যে কৃষি গবেষণা, উন্নত জাত উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি, সেচ সুবিধা ও কৃষির যান্ত্রিকীকরণ দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিতে রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানিনির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। একই সঙ্গে কৃষিকে আরও উৎপাদনশীল ও লাভজনক করার পাশাপাশি দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বৈঠকে দেশের কৃষিখাতের সার্বিক পরিস্থিতি, কৃষি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। কৃষির উৎপাদন বৃদ্ধি, আমদানিনির্ভরতা কমানো এবং কৃষকদের আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।











