উদ্ভাবনকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তরের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরি থেকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
![]() |
![]() |
![]() |
![]() |
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার মূল লক্ষ্য হলো দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে টেকসই অংশীদারিত্ব গড়ে তোলা।
মেলায় সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন।
প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতে এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনাময় উদ্ভাবন মেলায় প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে উদ্ভাবকদের সঙ্গে সম্ভাব্য বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দেশের তৃণমূল পর্যায়ে প্রতিবছর বহু সম্ভাবনাময় প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণার সৃষ্টি হলেও নীতি সহায়তা, প্রাথমিক অর্থায়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাবে অনেক উদ্ভাবন বাণিজ্যিক পর্যায়ে পৌঁছাতে পারে না।
এ ধরনের প্রতিবন্ধকতা দূর করে উদ্ভাবকদের প্রয়োজনীয় নীতি সহায়তা ও অর্থায়নের সুযোগ তৈরি, মেধাস্বত্ব সংরক্ষণ এবং উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে সম্প্রসারণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখাই ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর অন্যতম প্রধান লক্ষ্য।















