ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার


বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর নতুন আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল।
সম্প্রতি অস্ট্রেলিয়ান হাইকমিশনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ। একই সঙ্গে সামাজিক সুরক্ষা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে অস্ট্রেলিয়া ও ইউএনডিপির দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কার, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ভবিষ্যতে অস্ট্রেলিয়া ও ইউএনডিপির মধ্যে সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অস্ট্রেলিয়ান হাইকমিশন জানায়, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সহযোগিতা আরও সম্প্রসারণ এবং বিদ্যমান অংশীদারিত্বকে কার্যকরভাবে এগিয়ে নিতে তারা আগ্রহী।
এ সময় অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকসকে স্বাগত জানায়।











