সিএমএসএমই খাতে ৯ শতাংশ সুদে ওয়ার্কিং ক্যাপিটাল দেবে এনআরবি ব্যাংক


দেশের কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতের ব্যবসায়ীদের জন্য স্বল্প সুদে ও সহজ শর্তে ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়ন দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি করেছে এনআরবি ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ড থেকে সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণ বিতরণের লক্ষ্যে গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (SMESPD) পরিচালক মো. জাবদুল ইসলাম এবং এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) তারেক রিয়াজ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিসুর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং এনআরবি ব্যাংকের এসএমই বিভাগের প্রধান মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় গঠিত এই তহবিলের মূল লক্ষ্য হলো প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে যেসব সাধারণভাবে সচল সিএমএসএমই প্রতিষ্ঠান তাদের উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম পূর্ণ সক্ষমতায় পরিচালনা করতে পারছে না, তাদের অর্থায়নের মাধ্যমে ব্যবসা সচল রাখা।
এই তহবিল থেকে যোগ্য সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো মাত্র ৯ শতাংশ সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ বা বিনিয়োগ সুবিধা পাবে। এর মাধ্যমে উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের ধীরগতির অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এনআরবি ব্যাংক পিএলসি জানিয়েছে, সিএমএসএমই উদ্যোক্তাদের প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করে তাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করতে ব্যাংকটি এই উদ্যোগে অংশীদার হতে পেরে গর্বিত।











