রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত জাতীয় কৌশলের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির


দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আরও শক্তিশালী রাজনৈতিক সম্পৃক্ততা ও আন্তর্জাতিক দায়িত্ব ভাগাভাগির ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতীয় রোহিঙ্গা বিষয়ক কৌশল প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক, মানবিক ও নিরাপত্তা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে রোহিঙ্গা সংকট বিষয়ে অভিন্ন জাতীয় কৌশল প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ‘Protracted Rohingya Crisis: The Search for a Comprehensive Approach’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের সঙ্গে আরও কার্যকর রাজনৈতিক সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘমেয়াদি ও টেকসই দায়িত্ব ভাগাভাগি প্রয়োজন।

দিনব্যাপী সম্মেলনে রোহিঙ্গা সংকটের মানবিক ও নিরাপত্তাগত প্রভাব, মানবিক সহায়তা ও আন্তর্জাতিক দায়িত্ব ভাগাভাগি, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের সম্ভাবনা, সংকটের অচলাবস্থা নিরসনে আঞ্চলিক ও বৈশ্বিক উদ্যোগ এবং ভবিষ্যৎ সম্ভাব্য পরিস্থিতি নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা হয়।
সম্মেলনে শিক্ষাবিদ, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট বিষয়ে কর্মরত বিশেষজ্ঞ এবং রোহিঙ্গা প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত, বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইজেন এবং সম্মেলনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের উদ্যোগে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস একাডেমি ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর সহযোগিতায় সম্মেলনটি আয়োজন করা হয়।











