আইজিপির সঙ্গে বাংলাদেশ পুলিশ সিস্টোবল চ্যাম্পিয়ন দলের সৌজন্য সাক্ষাৎ


৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২৬-এর পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ সিস্টোবল দলের সদস্যরা বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আইজিপি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সাক্ষাৎকালে রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) ও বাংলাদেশ পুলিশ থ্রোবল, ডজবল, সিস্টোবল ও রকবল ক্লাবের সভাপতি ব্যারিস্টার জিল্লুর রহমান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ সিস্টোবল অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এবং বাংলাদেশ পুলিশ সিস্টোবল দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সিস্টোবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী ৬ষ্ঠ জাতীয় সিস্টোবল প্রতিযোগিতা গত ৪ থেকে ৬ জুলাই ২০২৬ ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। এতে পুরুষ ও নারী বিভাগে মোট আটটি দল অংশগ্রহণ করে।
পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশ সিস্টোবল দলের মুখোমুখি হয় ফিরোজ স্মৃতি সংস্থা, নড়াইল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনালে বাংলাদেশ পুলিশ সিস্টোবল (পুরুষ) দল ১১ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সাফল্যের পর আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাতে দলের সদস্যরা তাদের অর্জনের কথা তুলে ধরেন। বাংলাদেশ পুলিশের ক্রীড়া দলগুলোর জাতীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্য প্রতিষ্ঠানের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে বলে সংশ্লিষ্টরা জানান।











