৪ হাজারের বেশি শিক্ষার্থীর মধ্য থেকে আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত


সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত দীর্ঘ প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও বাছাই প্রক্রিয়া শেষে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (আইওসিই) ২০২৬-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য পাঁচ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। আন্তর্জাতিক এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে রাশিয়ার সিরিয়াসে।
বাংলাদেশ অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (বিওসিই) ২০২৬-এর মাধ্যমে এই দল নির্বাচন করা হয়। উদ্যোগটি আয়োজন করেছে সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক (এসএলএসএন) ও জিরো কম্পিটিশনস।
১৭ জুলাই ২০২৬ সারাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন প্রাথমিক পর্বের মধ্য দিয়ে বিওসিই ২০২৬-এর কার্যক্রম শুরু হয়। পরবর্তী পর্যায়ে ঢাকা, রাজশাহী ও সিলেটে আঞ্চলিক পর্ব এবং একটি অনলাইন আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। আঞ্চলিক পর্যায়ে প্রায় ১,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখান থেকে সেরা ৩০০ শিক্ষার্থী ২১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হলে অনুষ্ঠিত জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।
![]() |
![]() |
![]() |
![]() |
জাতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের পাশাপাশি ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনয় এবং শিক্ষা প্রকল্পের জ্যেষ্ঠ সমন্বয়কারী মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিনউদ্দিন আহমেদ একাডেমিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
জাতীয় পর্বের পর নির্বাচিত ৪০ জন জাতীয় বিজয়ীকে নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে পরিবেশবিদ্যা, জীববৈচিত্র্য, পরিবেশ রসায়ন, জলবায়ুবিজ্ঞান, পৃথিবী-ব্যবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা—এই ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়।
২৭ আগস্ট ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত চূড়ান্ত দল নির্বাচন পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক দল চূড়ান্ত করা হয়। এই পরীক্ষায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা, তথ্য বিশ্লেষণের সক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা মূল্যায়ন করা হয়।
আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক অলিম্পিয়াড ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত পাঁচ শিক্ষার্থী হলেন:
আবু মাহজুরাহ আয়মান, ফাবিহা নূর জিনা, ইসমাহ আরুশ, এসএম আনফাল হাবিব এবং কামরুন নাহার মেঘা।
বাংলাদেশের প্রতিনিধিদলের দলনেতা হিসেবে থাকবেন তাসিন মোহাম্মদ ও আহনাফ তাহমিদউদ্দিন। এছাড়া পর্যবেক্ষক হিসেবে প্রতিনিধিদলের সঙ্গে থাকবেন ফেরদৌস আহমেদ।
আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক অলিম্পিয়াড (আইওসিই) ২০২৬-এ বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দল অংশগ্রহণ করবে। রাশিয়ার সিরিয়াসে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় জলবায়ুবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান ও টেকসই উন্নয়ন-সম্পর্কিত তাত্ত্বিক, ব্যবহারিক এবং প্রকল্পভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিওসিই-এর লক্ষ্য শুধু একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য জাতীয় দল নির্বাচন করা নয়; বরং বাংলাদেশের তরুণদের মধ্যে জলবায়ু ও পরিবেশবিষয়ক জ্ঞান বৃদ্ধি, বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ এবং ভবিষ্যতের গবেষক, উদ্ভাবক ও পরিবেশ নেতৃত্ব তৈরির জন্য একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তোলা।















