রাষ্ট্র পুনর্গঠনে সকলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণ সমাজকে রাষ্ট্র পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তাহলে তা সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের তরুণ সমাজ যে পরিবর্তন আনতে পারে, তা তারা সারাবিশ্বকে দেখিয়ে দিয়েছে। পরিবর্তনের সূচনা সেখান থেকেই হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি।’ আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হয়তো শতভাগ সফলতা অর্জন সম্ভব হবে না, তবে অন্তত ৮০ শতাংশ সমস্যা সমাধান করা সম্ভব হবে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি-বেসরকারি ও সামাজিক উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন মাসব্যাপী এ কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলবে। ঢাকা কেন্দ্রিক কার্যক্রমের পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে সচেতনতামূলক প্রচার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
কর্মসূচির আওতায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।











