এলডিসি উত্তরণে বাংলাদেশকে আরও প্রস্তুতি নেওয়ার প্রত্যাশা ইইউর


বাংলাদেশের চলমান পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে বাংলাদেশকে একটি স্থিতিশীল দেশ হিসেবে দেখতে চায় জোটটি। দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও পূর্ণ আস্থা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশে স্থিতিশীলতা বজায় থাকুক, এটাই ইউরোপীয় ইউনিয়নের প্রত্যাশা। দেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি আস্থা প্রকাশ করেন।
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মাইকেল মিলার বলেন, দেশে কী ঘটছে, সে বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন এবং বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী দিনে দুই পক্ষের অংশীদারত্ব আরও জোরদার হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ-ইইউ অংশীদারত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে বলে প্রত্যাশা করেন তিনি।
এদিকে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত বলেন, এই উত্তরণ বাংলাদেশের জন্য বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের বিভিন্ন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় প্রস্তুতি আরও জোরদার করা হবে বলে ইউরোপীয় ইউনিয়ন আশা করে।
তিনি বলেন, এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে বাংলাদেশকে আরও ভালোভাবে প্রস্তুত হতে হবে, যাতে ভবিষ্যতের অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়।











