সামুদ্রিক নিরাপত্তায় বাংলাদেশকে সহযোগিতা বাড়াবে ইতালি


বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিশেষায়িত প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো (Vice Admiral Sergio Liardo)। এ সময় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমায় নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে।
তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অবদানের কথা স্মরণ করে ইতালীয় নৌবাহিনীর চারটি মিনার্ভা ক্লাস (Minerva-class) কর্ভেট জাহাজ সংস্কারপূর্বক বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তরের জন্য ইতালি সরকারকে ধন্যবাদ জানান। বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল (OPV) হিসেবে ব্যবহৃত এসব জাহাজ বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে বলে উল্লেখ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে উপযুক্ত দেশ থেকে সরকারি পর্যায়ে (G2G) অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (BWO) এবং মানবপাচার প্রতিরোধ (AHT) কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে। আগামী বছর এ প্রশিক্ষণ কর্মসূচিতে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।
এ ছাড়া বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের জন্য ইতালিতে সার্চ অ্যান্ড রেসকিউ (SAR), ভিজিট, বোর্ড, সার্চ অ্যান্ড সিজার (VBSS), ড্রোন অপারেশন (UAV/UAS) এবং মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস (MDA) ডেটা অ্যানালাইসিস বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানে ইতালির সহযোগিতা কামনা করা হয়।
জবাবে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস, অ্যারোস্পেস প্রযুক্তি, সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন এবং জলদস্যুতা দমনে ইতালির কোস্ট গার্ডের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এ সময় উভয়পক্ষ নিয়মিত যৌথ মহড়া, সেমিনার এবং পেশাগত বিনিময় কর্মসূচি আয়োজনের মাধ্যমে দুই বাহিনীর পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা (Interoperability) বৃদ্ধিতে একমত পোষণ করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











