২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান


২০৩১ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত এবং এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (২২ নভেম্বর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সকাল ১১টা ৬ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এবারের মেলার প্রতিপাদ্য ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’।

প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় সরকার জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়ন করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

তিনি বলেন, বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) ও রপ্তানি প্রবেশদ্বার (এক্সপোর্টিং গেট) হিসেবে প্রতিষ্ঠা করাই এ নীতিমালার অন্যতম মূল লক্ষ্য।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জনে বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্যশৃঙ্খলের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলোকে শুধু স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বড় শিল্পপ্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক হিসেবে গড়ে তোলার পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উদ্যোগে ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন, ২০০৫ সালে টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন এবং ২০০৬ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠার ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট আটজন উদ্যোক্তাকে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের বিভাগগুলোর মধ্যে রয়েছে বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাঝারি উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠান, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
পুরস্কার বিতরণ শেষে বিজয়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন। এ সময় এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার একটি বাঁধানো ছবি উপহার দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দেশীয় পণ্য ও উদ্যোক্তাদের কার্যক্রম ঘুরে দেখেন।
এবারের মেলায় সারাদেশের ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান এবং ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা পরিচালিত। দেশীয় ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের বিকাশ, নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।











