বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যয় ব্যক্ত করলেন মরক্কোর রাষ্ট্রদূত


মরক্কোর জাতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় গৌরবময় ‘গ্রিন মার্চ’-এর ৫১তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত মরক্কো দূতাবাস। সোমবার (১৬ নভেম্বর, ২০২৬) সন্ধ্যায় রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে কূটনৈতিক সম্প্রদায়ের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট অতিথিরা অংশ নেন।

বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালি (Lalla Bouthaina El Kerdoudi El Koulali) অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান এবং মরক্কোর জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও উন্নয়ন অগ্রযাত্রার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, মরক্কোর আধুনিক ইতিহাসের তিনটি গুরুত্বপূর্ণ উপলক্ষ—ইউনিটি ডে-এর প্রথম বার্ষিকী, গৌরবময় গ্রিন মার্চের ৫১তম বার্ষিকী এবং মরক্কোর স্বাধীনতার ৭১তম বার্ষিকী—একসঙ্গে উদযাপন করতে পেরে তিনি আনন্দিত ও সম্মানিত। এসব ঐতিহাসিক দিবস মরক্কোর জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি দেশটির অবিচল অঙ্গীকারের প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।

গ্রিন মার্চের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, ১৯৭৫ সালের ৬ নভেম্বর মরক্কোর তৎকালীন বাদশাহ দ্বিতীয় হাসান-এর দূরদর্শী নেতৃত্বে প্রায় ৩ লাখ ৫০ হাজার মরক্কোর নাগরিক শান্তিপূর্ণ গ্রিন মার্চে অংশ নেন। নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পবিত্র কোরআন, জাতীয় পতাকা ও দেশপ্রেমের চেতনা নিয়ে এ ঐতিহাসিক পদযাত্রায় শামিল হয়েছিলেন। কয়েকটি ভ্রাতৃপ্রতিম আরব দেশের স্বেচ্ছাসেবীরাও এতে অংশ নেন। তাঁর মতে, গ্রিন মার্চ ছিল জাতীয় সংহতি, শান্তিপূর্ণ গণ-অংশগ্রহণ এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার দৃঢ় প্রত্যয়ের এক অনন্য বহিঃপ্রকাশ।

মরক্কোর উন্নয়ন অগ্রযাত্রা প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের নতুন উন্নয়ন মডেলের আওতায় দেশটির দক্ষিণাঞ্চলে অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন, রাজনৈতিক অংশগ্রহণ এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি তিজনিত-লায়ুন-দাখলা এক্সপ্রেসওয়ে, দাখলা আটলান্টিক মেগা পোর্ট, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প এবং সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের মতো বৃহৎ অবকাঠামো উদ্যোগের কথা উল্লেখ করেন। এসব প্রকল্প পশ্চিম আফ্রিকা, সাহেল অঞ্চল, ইউরোপ ও আমেরিকার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় হাসপাতাল, উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা এবং তরুণ ও নারীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে হাসানি ভাষা, কবিতা, সংগীত, ঐতিহ্যবাহী পোশাক ও সংস্কৃতি সংরক্ষণে মরক্কোর উদ্যোগের কথাও তুলে ধরেন।
পশ্চিম সাহারা ইস্যুতে মরক্কোর অবস্থান তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০২৫ সালের ৩১ অক্টোবর গৃহীত ২৭৯৭ নম্বর প্রস্তাব এবং ২০২৬ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র-সমর্থিত খসড়া প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১১ সদস্যের সমর্থন মরক্কোর স্বায়ত্তশাসন উদ্যোগের পক্ষে আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থনের প্রতিফলন। তিনি এ বিষয়ে শান্তিপূর্ণ ও পারস্পরিক গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, মরক্কোর ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে বাংলাদেশের গঠনমূলক অবস্থান এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও অংশীদারত্বকে মরক্কো গভীরভাবে মূল্যায়ন করে। তিনি বাংলাদেশ ও মরক্কোর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডসসহ বিভিন্ন ইউরোপীয় দেশের পাশাপাশি ব্রুনাই, জাপান, মালদ্বীপ, ফিলিপাইন, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে রাষ্ট্রদূত ও আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে কেক কাটেন। এ সময় উপস্থিত অতিথিদের মধ্যে আন্তরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় হয়। মরক্কোর ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় পরিচিতির বিভিন্ন দিকও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৬ নভেম্বর মরক্কোর তৎকালীন বাদশাহ দ্বিতীয় হাসানের নেতৃত্বে ঐতিহাসিক গ্রিন মার্চ অনুষ্ঠিত হয়। তৎকালীন স্পেন-শাসিত পশ্চিম সাহারার দিকে প্রায় ৩ লাখ ৫০ হাজার মরক্কোর স্বেচ্ছাসেবীর শান্তিপূর্ণ গণপদযাত্রা দেশটির আধুনিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। মরক্কোর জাতীয় ঐক্য, পরিচয় ও জনগণের সম্মিলিত অংশগ্রহণের প্রতীক হিসেবে প্রতিবছর দিবসটি উদযাপন করা হয়।











