দুর্নীতি ও অনিয়মমুক্ত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন গাউক চেয়ারম্যান কাজী সায়েদুল আলম বাবুল


গাজীপুর, ২২ নভেম্বর ২০২৬: গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সায়েদুল আলম বাবুল। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রতিষ্ঠানটিকে দুর্নীতি, অনিয়ম ও হয়রানিমুক্ত করার পাশাপাশি গাজীপুরকে পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রোববার (২২ নভেম্বর) দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নতুন চেয়ারম্যান বলেন, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষে অতীতে কোনো দুর্নীতি বা অনিয়ম হয়ে থাকলে তা আগে বুঝতে ও জানতে হবে। অতীতের বিষয়ে পর্যাপ্ত তথ্য না জেনে কোনো মন্তব্য করতে চান না তিনি। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে ভবিষ্যতে কোনো ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতি যাতে না হয়, সে বিষয়ে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
তিনি বলেন, প্ল্যান বা নকশা অনুমোদন নিয়েও দীর্ঘ সময় ব্যয় হওয়ার অভিযোগ শুনেছেন। এ ধরনের সমস্যা ও ভোগান্তির অবসান ঘটানো তাঁর অন্যতম লক্ষ্য। ব্যক্তিগত জীবনে সততা ও ন্যায়নিষ্ঠা বজায় রেখে চলেছেন উল্লেখ করে তিনি বলেন, লোভ-লালসার ঊর্ধ্বে থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে চান।
কাজী সায়েদুল আলম বাবুল আরও বলেন, একটি প্রতিষ্ঠানের প্রধান সৎ হলে এবং তাঁর চিন্তা-চেতনা ও কর্মকাণ্ডে আন্তরিকতা ও সততা থাকলে পুরো প্রতিষ্ঠানে ইতিবাচক পরিবর্তন আসা অনিবার্য। তিনি নিজে সততা ও নিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও দায়িত্বশীলতার পরিবেশ তৈরি করতে চান।
গাজীপুরের সন্তান হিসেবে এ অঞ্চলের উন্নয়ন ও নগরায়ণকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, গাজীপুরে দীর্ঘদিন ধরে অনেক শিল্পকারখানা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। একইভাবে অপরিকল্পিত আবাসনও বিস্তার লাভ করেছে। এসব শিল্পকারখানা ও আবাসনকে ভবিষ্যতে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা, নিয়ম ও শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে।
তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ ছাড়া আধুনিক শহর গড়ে তোলা সম্ভব নয়। গাজীপুরকে একটি আধুনিক, বাসযোগ্য ও সুশৃঙ্খল নগর হিসেবে গড়ে তুলতে অপরিকল্পিত শিল্পায়ন ও আবাসন ব্যবস্থাকে পরিকল্পনার আওতায় আনা হবে।
নতুন চেয়ারম্যান বলেন, “এটা আমাদের চেষ্টা থাকবে, অগ্রাধিকার থাকবে, টপ প্রায়োরিটি।”











