শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা।
বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) বিকেলে শ্রীলঙ্কার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী ড. হারিণী আমারাসুরিয়ার (Dr. Harini Amarasuriya) সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশসহ বিভিন্ন খাত বিশেষ গুরুত্ব পায়। এসব ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতাকে আরও সম্প্রসারণ ও সুসংহত করার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের দারিদ্র্য বিমোচন ও পরিবেশ সুরক্ষায় গৃহীত সরকারি উদ্যোগের মধ্যে সাদৃশ্য তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত ‘ফ্যামিলি কার্ড’, ‘ফার্মার্স কার্ড’, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ পুনঃখননের উদ্যোগের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, এসব উদ্যোগের দর্শন ও লক্ষ্য শ্রীলঙ্কার বর্তমান সরকারের গৃহীত ‘প্রজাশক্তি’ (Prajashakthi) এবং ‘ক্লিন শ্রীলঙ্কা’ (Clean Sri Lanka) কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বৈঠকে দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ এবং উন্নয়নমূলক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভবিষ্যতে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।











