ফসফেট, সার ও তৈরি পোশাক খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জর্ডান


দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, শ্রম, সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও জর্ডানের মধ্যে রাজনৈতিক পরামর্শের দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্যদিকে, জর্ডানের এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকাবিষয়ক বিভাগের পরিচালক রাষ্ট্রদূত মুহাম্মদ আবু ওয়ান্দি জর্ডান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নূর-ই-হেলাল সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একটি যৌথ ব্যবসায়িক ফোরাম (জয়েন্ট বিজনেস ফোরাম) গঠনের বিষয়ে একমত হয় উভয় পক্ষ। পাশাপাশি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং জর্ডান ফসফেট মাইনস কোম্পানির মধ্যকার সমঝোতা স্মারক (এমওইউ) পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে ফসফেট, সার ও সংশ্লিষ্ট রাসায়নিক পণ্যের সরবরাহ এবং বাণিজ্যিক সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধান করা হবে। তৈরি পোশাক ও ওষুধশিল্পেও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
শ্রমবাজারে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে শ্রমবিষয়ক যৌথ কমিটি সক্রিয় করার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। বিশেষ করে অনিবন্ধিত শ্রমিকদের নিয়মিতকরণসহ শ্রমসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় জর্ডানের অর্থনীতিতে, বিশেষ করে তৈরি পোশাকশিল্পে, বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে জর্ডান পক্ষ।
এ ছাড়া প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়। সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগ খাতেও সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠকে বাংলাদেশে জর্ডানের একটি আবাসিক দূতাবাস খোলার অনুরোধ জানায় বাংলাদেশ পক্ষ। জবাবে জর্ডান প্রতিনিধিদল জানায়, বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনাধীন রয়েছে।
আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনায় জেরুজালেমের মুসলিম ও খ্রিষ্টান পবিত্র স্থানগুলোর অভিভাবক হিসেবে জর্ডানের নেতৃত্ব ও দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করে বাংলাদেশ। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে একটি ন্যায়সংগত ও স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করে ঢাকা।
অন্যদিকে, মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে সংকট সমাধানে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে জর্ডান।
বৈঠকে সংসদীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরে দুই পক্ষ জানায়, বাংলাদেশ-জর্ডান সংসদীয় মৈত্রী কমিটি গঠন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। পাশাপাশি দুই দেশের মধ্যে প্রক্রিয়াধীন দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্ত করার বিষয়েও একমত হয় উভয় পক্ষ।
বৈঠকের সাইডলাইনে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত রাজনৈতিক সংলাপ ও মতবিনিময়ের আনুষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
এর আগে একই দিন আম্মানে বাংলাদেশ চ্যান্সারিতে বাংলাদেশ-জর্ডান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন ড. মো. নজরুল ইসলাম। এ সময় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় হয়।











