বাংলাদেশ-ব্রাজিল সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয়, ২০২৭ সালে সাও পাওলোতে ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’


বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, প্রযুক্তি ও ক্রীড়া সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছেন দুই দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতাকে আরও বিস্তৃত ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ব্রাজিলের ২০৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার (১৫ নভেম্বর ২০২৬) রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে বাংলাদেশে অবস্থিত ব্রাজিল দূতাবাস আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক নুর ব্রাজিল সরকার ও দেশটির জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৫ মে ব্রাজিল দক্ষিণ আমেরিকার প্রথম দিকের দেশগুলোর মধ্যে অন্যতম হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাসে এই স্বীকৃতি বিশেষ তাৎপর্য বহন করে।

তিনি বলেন, ব্রাজিল গত দুই শতাব্দীতে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক অর্থনীতি, প্রাণবন্ত গণতন্ত্র এবং গ্লোবাল সাউথের প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বহুপাক্ষিক সহযোগিতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং টেকসই উন্নয়নে দেশটির অবদান প্রশংসনীয়।
বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে ব্রাজিলের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার।

তিনি আরও জানান, গত ১১ নভেম্বর COP30 সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ব্রাজিলের প্রেসিডেন্ট ওই আমন্ত্রণ গ্রহণ করায় দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তাঁর এই সফর হবে বাংলাদেশে কোনো ব্রাজিলীয় প্রেসিডেন্টের প্রথম সফর।
দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসঙ্গে নুরুল হক নুর জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। লাতিন আমেরিকায় ব্রাজিল বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশ ব্রাজিল থেকে প্রধানত খাদ্যশস্য, তুলা, চিনি ও সয়াবিনজাত পণ্য আমদানি করে। অন্যদিকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, চামড়াজাত পণ্য ও ওষুধ রপ্তানি করা হয়। তবে দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে।

এই ঘাটতি কমাতে ব্রাজিলের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সম্প্রসারণ, মারকোসুরের (MERCOSUR) সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির সম্ভাবনা অনুসন্ধান এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর ক্ষেত্রে ব্রাজিলের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে ওষুধ, কৃষি প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতে ব্রাজিলের বিনিয়োগের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ইতোমধ্যে ১০টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারকের মাধ্যমে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক সহযোগিতার ভিত্তি তৈরি হয়েছে। কৃষি, স্বাস্থ্য, ক্রীড়া ও প্রতিরক্ষা খাতে আরও চারটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাজ এগিয়ে চলছে। ব্রাজিলের কৃষিপ্রযুক্তি ও জৈব জ্বালানি খাতের অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের জলবায়ু অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশ উপকৃত হতে পারে।
ক্রীড়াক্ষেত্রে দুই দেশের জনগণের আবেগ ও ভালোবাসার কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে ফুটবলে ব্রাজিলের পাঁচটি ফিফা বিশ্বকাপ শিরোপা এবং দেশটির কিংবদন্তিতুল্য খেলার ধরন বাংলাদেশের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করেন। তরুণ প্রজন্মের মধ্যে নেইমারের জনপ্রিয়তার কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে ও মেয়েদের অংশগ্রহণে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ আয়োজনের বিষয়টি উল্লেখ করে ক্রীড়াক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে, ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস তাঁর বক্তব্যে ব্রাজিলের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।
তিনি জানান, ব্রাজিলের জাতীয় দিবস ৭ সেপ্টেম্বর পালিত হলেও সে সময় সংবর্ধনার আয়োজন করা সম্ভব না হওয়ায় পরবর্তী সময়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। ব্রাজিলের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী অবস্থান, সাংবিধানিক ধারাবাহিকতা এবং অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনার বিষয়েও তিনি আলোকপাত করেন।
রাষ্ট্রদূত বলেন, ব্রাজিলের রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ও বহুমুখী শিল্পভিত্তি। মহাকাশ, কৃষি, জীবপ্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানির মতো খাতে দেশটির উন্নত প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রেও ব্রাজিল উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশটির ইকুয়েটোরিয়াল মার্জিন এলাকায় সাম্প্রতিক তেল আবিষ্কার ভবিষ্যতে বিনিয়োগ, জ্বালানি উৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করেছে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব এবং বহুপাক্ষিক সহযোগিতার অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে দুই দেশের রাজনৈতিক সংলাপ এগিয়ে চলছে। বাণিজ্য দুই দেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলেও প্রচলিত বাণিজ্যের বাইরেও সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।
এ প্রসঙ্গে রাষ্ট্রদূত আগামী ২২ থেকে ২৫ মার্চ ২০২৭ ব্রাজিলের সাও পাওলোতে দ্বিতীয়বারের মতো ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ আয়োজনের ঘোষণা দেন। ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য ও সেবা তুলে ধরার পাশাপাশি ব্রাজিলের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ পাবে।
তিনি বাংলাদেশি উদ্যোক্তা, রপ্তানিকারক, বিনিয়োগকারী ও ব্যবসায়ী সংগঠনগুলোকে এ আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, ব্রাজিল একটি বিশাল ও বহুমুখী বাজার। এই প্রদর্শনী শুধু ব্রাজিল নয়, বরং পুরো লাতিন আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সম্ভাবনা অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কৃষি খাতে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রদূত জানান, সম্প্রতি ব্রাজিলের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফর দ্বিপক্ষীয় কৃষি সহযোগিতায় নতুন গতি এনেছে। কৃষি, প্রাণিসম্পদ উৎপাদন, প্রযুক্তি ও কারিগরি জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে। এ ধারাবাহিকতায় আগামী ২৯ নভেম্বর ব্রাজিলিয়ান কটন গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।
তিনি বলেন, বাংলাদেশের বিশ্বমানের বস্ত্র ও তৈরি পোশাকশিল্প এবং ব্রাজিলের বৃহৎ তুলা উৎপাদন ও রপ্তানি সক্ষমতার মধ্যে পারস্পরিক সহযোগিতার অসাধারণ সম্ভাবনা রয়েছে। এ সফরের মাধ্যমে তুলা উৎপাদন, সরবরাহ ও বাণিজ্যিক অংশীদারত্বের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, ব্রাজিলের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং পর্তুগিজ ভাষা প্রস্তুতিমূলক কর্মসূচির আওতায় বর্তমানে ৪১ জন বাংলাদেশি শিক্ষার্থী ব্রাজিলে পড়াশোনা করছেন। ২০২৭ সালে আরও ১৭ জন শিক্ষার্থী সেখানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এ শিক্ষার্থীরা দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার সেতুবন্ধ হিসেবে কাজ করবেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ব্রাজিল উভয়ই বিপুল মানবসম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনাসম্পন্ন উন্নয়নশীল দেশ। দুই দেশের অর্থনীতি পরস্পরের পরিপূরক এবং ঐতিহ্যবাহী বাণিজ্যের বাইরেও সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। রাজনৈতিক সংলাপ, বাণিজ্য সম্প্রসারণ, কৃষি সহযোগিতা ও শিক্ষাবিনিময়ের মাধ্যমে এসব সম্ভাবনাকে বাস্তব অর্জনে রূপ দেওয়া সম্ভব।
বক্তব্যের শেষাংশে নিজের ব্যক্তিগত সচিব আদিয়া শারমির প্রতি তাঁর দায়িত্বশীলতা, নিষ্ঠা ও সহযোগিতার জন্য প্রকাশ্যে গভীর কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত।
অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ ও ব্রাজিলের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করা, বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা পুনর্ব্যক্ত করা হয়।











