বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ ও থাইল্যান্ড


বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং নতুন উচ্চতায় উন্নীত করতে ২০২৭ সালে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার (২২ নভেম্বর ২০২৬) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি। এ সময় তাঁরা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও থাইল্যান্ডের বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের অংশীদারত্বকে আরও সুদৃঢ় ও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
উচ্চপর্যায়ের সফর বিনিময়ের এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে থাই রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে গমনেচ্ছুদের প্রতি দেশটির উদার সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি যেসব রোগীর বারবার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যাতায়াত করতে হয়, তাঁদের জন্য একাধিকবার প্রবেশের (মাল্টিপল-এন্ট্রি) ভিসা সুবিধা সহজ করার অনুরোধ জানান তিনি। জবাবে থাই রাষ্ট্রদূত প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণকারী রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আশ্বাস দেন।
এ ছাড়া আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের মর্যাদা অর্জনে বাংলাদেশের আবেদন এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির আকাঙ্ক্ষার প্রতি থাইল্যান্ডের অব্যাহত সমর্থনের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।
বৈঠকে ২০২৬ সালের ১৯ নভেম্বর গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের প্রসঙ্গও উঠে আসে। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আলোচনায় উত্থাপিত এসব বিষয়ে থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি।











