ওমানের ৫৬তম জাতীয় দিবস সংবর্ধনায় ওমানের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানালেন ‘দৈনিক ঢাকা ডায়লগ’-এর সম্পাদক


রবিবার (২২ নভেম্বর, ২০২৬) ওমানের গৌরবময় ৫৬তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাস। অনুষ্ঠানে অংশগ্রহণ করে ওমানের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানালেন ‘জাতীয় দৈনিক ঢাকা ডায়লগ-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ওমানের জাতীয় দিবস উপলক্ষে দেশটির মহামান্য সুলতান হাইথাম বিন তারিক এবং ওমানের সরকার ও জনগণকে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রদূত জামিলের আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও ওমানের সম্পর্ক শতাব্দীপ্রাচীন সামুদ্রিক বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ভিত্তিতে গড়ে উঠেছে। ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে দুই দেশের অংশীদারত্ব ক্রমাগত শক্তিশালী হয়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনও এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন।

স্বাগত বক্তব্যে ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজী বিন ইসমাইল আল বালুশী বলেন, বাংলাদেশ-ওমানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং অভিন্ন স্বার্থে সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত। বর্তমান সম্পর্ককে আরও বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করতে উভয় দেশ কাজ করতে পারে।

তিনি দুই দেশের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (CEPA) সম্পাদনের সম্ভাবনা অনুসন্ধান, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি এবং বিশেষ করে ওষুধশিল্প, খাদ্য ও কৃষি এবং বন্দর-লজিস্টিকস খাতে যৌথ উদ্যোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এ লক্ষ্যে ওমান-বাংলাদেশ যৌথ বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এ কাউন্সিল দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগের অগ্রাধিকার নির্ধারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে কূটনৈতিক, বাণিজ্যিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











