দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী বাংলাদেশ-কসোভো


বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং বিনিয়োগ সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে দুই দেশের মধ্যে একটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি (Economic Cooperation Agreement) সম্পাদনের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বাংলাদেশ ও কসোভোর ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি ‘বাংলাদেশ-কসোভো অর্থনৈতিক ফোরাম’ আয়োজনের সম্ভাবনা নিয়েও উভয় পক্ষ আলোচনা করে।
বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদার করতে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।











