জানুয়ারির শুরুতেই খেজুর সরবরাহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী


রমজানকে সামনে রেখে জানুয়ারির প্রথম দিকেই দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর সরবরাহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে সাশ্রয়ী মূল্যে আলজেরিয়া থেকে সরাসরি খেজুর আমদানির বিষয়ে দেশটির সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর, ২০২৬) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ আগ্রহের কথা জানান।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই ভোক্তারা রমজানের কেনাকাটা শুরু করেন। তাই রমজানের আগেই বাজারে পর্যাপ্ত খেজুর সরবরাহ নিশ্চিত করতে জানুয়ারির শুরুতেই খুচরা বাজারে খেজুর পৌঁছানো জরুরি। এ ক্ষেত্রে আমদানির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি জানান, বর্তমানে আলজেরিয়ায় খেজুরের ভরা মৌসুম চলছে এবং দেশটিতে বিপুল পরিমাণ খেজুর মজুত রয়েছে। প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব ইতোমধ্যে আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে। পাশাপাশি দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে।
তিনি আরও জানান, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা গেলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে খেজুরের চালান বাংলাদেশের বন্দরে পৌঁছানো সম্ভব।
বৈঠকে বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের প্রসঙ্গ তুলে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বিদ্যমান বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন অথবা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন ও নিয়মিত বৈঠক আয়োজনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন নিয়মকানুন সম্পর্কে বাণিজ্যমন্ত্রীকে অবহিত করেন রাষ্ট্রদূত। পাশাপাশি আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।
এ বিষয়ে সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত প্রস্তুত করে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় এবং আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











