জাতীয় স্বার্থে ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন


মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেছেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে। দেশের গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তি জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, বৈঠকে দেশের মানুষের স্বার্থ ও জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। পলাতক স্বৈরাচারের অপশক্তি দেশের বাইরে অবস্থান করেও যেন বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। আজকের মতবিনিময় সভার মাধ্যমে সরকার সেই ঐক্যের বার্তা সবার কাছে পৌঁছে দিতে চায়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখা এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মাহদী আমিন বলেন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই পথচলাকে বাস্তবায়ন করতে চায়।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, সেই আন্দোলনে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ ও মত-পথের মানুষ একত্রিত হয়েছিল। তাদের আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা নিশ্চিত হবে এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে।











