কক্সবাজারে ২২ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল


বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তুলতে আগামী ২২ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের বাস্তবায়নে এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার (১৫ নভেম্বর, ২০২৬) কক্সবাজারের হোটেল শৈবালে সংবাদমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কার্নিভালের বিস্তারিত কর্মপরিকল্পনা ও বিভিন্ন আকর্ষণীয় আয়োজন তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম। এ সময় বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং কার্নিভালের বাস্তবায়ন সহযোগী স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, তিন মাসব্যাপী এই কার্নিভালে পর্যটকদের জন্য থাকবে নানা ধরনের বিনোদন, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, অ্যাডভেঞ্চার, খাবার এবং পারিবারিক বিনোদনের ব্যবস্থা। কার্নিভালের বিভিন্ন জোনে দেশীয় খাবার, স্থানীয় ঐতিহ্য ও হস্তশিল্প, শিশুদের বিনোদন, ওয়েলনেস কার্যক্রম এবং ক্যাম্পিংয়ের মতো আকর্ষণীয় আয়োজন রাখা হয়েছে।
এ ছাড়া পর্যটকদের জন্য থাকবে বিচভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সংগীতানুষ্ঠান, লাইভ আর্ট, ফটো গ্যালারি, ওপেন-স্কাই মুভি থিয়েটারসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম। বিশেষ দিবসগুলোকে কেন্দ্র করেও থাকবে বাড়তি আয়োজন।
আয়োজকদের প্রত্যাশা, এ কার্নিভালের মাধ্যমে কক্সবাজারের পর্যটন আকর্ষণ শুধু সমুদ্রসৈকতকেন্দ্রিক না রেখে দিন ও রাতব্যাপী বিনোদন, সংস্কৃতি ও অভিজ্ঞতাভিত্তিক পর্যটনের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী, শিল্পী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে।
সংবাদ সম্মেলনে কার্নিভালটি সফলভাবে আয়োজনের জন্য কক্সবাজারের স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন আয়োজকরা।











