উপকূলীয় ২৪ উপজেলা ও ঢাকার বস্তি উন্নয়নে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ


সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্য পেসমি (Jean Pesme)। বৈঠকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বন্যা সহনশীলতা বৃদ্ধি এবং ঢাকা শহরের বস্তি উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে উপকূলীয় আট জেলার ২৪টি উপজেলায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বাস্তবায়নাধীন ‘Bangladesh Strategic Flood Resilience Program’ এবং ঢাকা শহরের বস্তি এলাকার জীবনমান উন্নয়নে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ‘Slum Improvement in Dhaka City’ প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ দুটি প্রকল্পে মোট ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

আলোচনায় কমিউনিটি পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তাঁরা।
বৈঠকে উপকূলীয় অঞ্চলের বন্যা ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় সহনশীল অবকাঠামো গড়ে তোলা এবং ঢাকা শহরের বস্তিবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব উঠে আসে।











