বাংলাদেশ-ওমান বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে যৌথ বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব ওমানের রাষ্ট্রদূতের


ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ওমান দূতাবাসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ওমানের গৌরবময় ৫৬তম জাতীয় দিবস (Glorious National Day of the Sultanate of Oman)। রবিবার (২২ নভেম্বর, ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে কূটনৈতিক, বাণিজ্যিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ও আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজী বিন ইসমাইল আল বালুশী।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ওমানের জাতীয় দিবস উপলক্ষে দেশটির মহামান্য সুলতান হাইথাম বিন তারিক এবং ওমানের সরকার ও জনগণকে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রদূত জামিলের আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও ওমানের সম্পর্ক শতাব্দীপ্রাচীন সামুদ্রিক বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ভিত্তিতে গড়ে উঠেছে। ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে দুই দেশের অংশীদারত্ব ক্রমাগত শক্তিশালী হয়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনও এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন।

ওমানের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করে তিনি বলেন, সুলতান হাইথাম বিন তারিকের নেতৃত্বে ওমান ভিশন ২০৪০ বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক বহুমুখীকরণ ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং উত্তেজনা প্রশমনে ওমানের গঠনমূলক কূটনৈতিক ভূমিকারও প্রশংসা করেন তিনি।
বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে ছয় লাখেরও বেশি বাংলাদেশি ওমানে বসবাস ও কর্মরত রয়েছেন। তাঁরা দেশটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খাদ্যনিরাপত্তা, জ্বালানি, নৌপরিবহন, তথ্যপ্রযুক্তি ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি দুই দেশের বেসরকারি খাতের সম্পৃক্ততা বৃদ্ধি, যৌথ ব্যবসায়িক কাউন্সিল গঠন, উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর এবং নিয়মিত রাজনৈতিক পরামর্শ সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
ফিলিস্তিন ইস্যুতে ওমানের নীতিগত সমর্থনের প্রশংসা করে মন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে বাংলাদেশের অবস্থান অব্যাহত থাকবে। পাশাপাশি মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে ওমানের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা কামনা করেন তিনি।

অন্যদিকে, স্বাগত বক্তব্যে ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজী বিন ইসমাইল আল বালুশী বলেন, ওমানের জাতীয় দিবস কেবল একটি জাতীয় বার্ষিকী উদযাপন নয়; বরং এটি দেশটির ঐক্য, সার্বভৌমত্ব, সমৃদ্ধ ইতিহাস ও উন্নয়নযাত্রার প্রতিফলন।
তিনি উল্লেখ করেন, ১৭৪৪ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠাতা ইমাম সাইয়্যিদ আহমেদ বিন সাঈদ আল বুসাইদি আল বুসাইদি রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন এবং ওমানকে একটি পতাকার নিচে ঐক্যবদ্ধ করেন। সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় আল বুসাইদি রাজবংশ দেশটির নেতৃত্ব ও উন্নয়নের দায়িত্ব পালন করে আসছে। বর্তমানে মহামান্য সুলতান হাইথাম বিন তারিকের দূরদর্শী নেতৃত্বে ওমান ভিশন ২০৪০-এর লক্ষ্য সামনে রেখে টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

ওমানের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরে রাষ্ট্রদূত জানান, দেশটি সার্বভৌম ঋণমান বিনিয়োগযোগ্য পর্যায়ে উন্নীত করতে সক্ষম হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDGs) নয়টি সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের পাশাপাশি ২০২৫ সাল নাগাদ দেশটির বৈদেশিক বিনিয়োগ প্রায় ৮০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এসব অর্জন ওমানের অর্থনৈতিক সক্ষমতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশের উন্নতির প্রতিফলন।
বাংলাদেশ-ওমান সম্পর্ক প্রসঙ্গে রাষ্ট্রদূত জামিল বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং অভিন্ন স্বার্থে সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত। বর্তমান সম্পর্ককে আরও বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করতে উভয় দেশ কাজ করতে পারে।

তিনি দুই দেশের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (CEPA) সম্পাদনের সম্ভাবনা অনুসন্ধান, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি এবং বিশেষ করে ওষুধশিল্প, খাদ্য ও কৃষি এবং বন্দর-লজিস্টিকস খাতে যৌথ উদ্যোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এ লক্ষ্যে ওমান-বাংলাদেশ যৌথ বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এ কাউন্সিল দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগের অগ্রাধিকার নির্ধারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
রাষ্ট্রদূত আরও জানান, বর্তমানে প্রায় সাত লাখ বাংলাদেশি ওমানে বসবাস ও কর্মরত রয়েছেন। তাঁরা ওমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও মানবিক বন্ধনের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন।
বাংলাদেশি নারী কারিগরদের বিশেষ অবদানের কথাও তুলে ধরেন তিনি। ওমানের ঐতিহ্যবাহী পোশাক ওমানি ‘কুম্মা’ (Kumma) সেলাই ও নকশা তৈরিতে বাংলাদেশি নারীদের দক্ষতা ও শ্রমের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, তাঁদের কারুশিল্প ওমানের ঐতিহ্য এবং বাংলাদেশের দক্ষতার এক অনন্য সমন্বয়, যা দুই দেশের গভীর সাংস্কৃতিক ও মানবিক সম্পর্কের প্রতীক।
বক্তব্যের শেষাংশে রাষ্ট্রদূত ওমানের জাতীয় দিবস উদযাপনে অংশগ্রহণের জন্য অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, বেসরকারি খাতের প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি বাংলাদেশ ও ওমানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রবাসী বাংলাদেশিদের অবদান এবং ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয়কে নতুনভাবে তুলে ধরে।











