পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান


পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন দেশের ৬৩ জেলায় গড়ে তোলা প্রয়োজন। কারণ, সামাজিক উদ্যোগের মাধ্যমে এমন অনেক সমস্যার সমাধান সম্ভব, যা কেবল আইন প্রয়োগের মাধ্যমে সমাধান করা যায় না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সংগঠনটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন, সমাজের সব সমস্যার সমাধান আইন করে সম্ভব নয়। কিছু সমস্যা সমাধানে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠনে বিভিন্ন ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শের মানুষ একসঙ্গে কাজ করছেন। এ ধরনের ঐক্যবদ্ধ সামাজিক উদ্যোগ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া গেলে হারিয়ে যাওয়া সামাজিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে।
বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের আয়-রোজগার ও ব্যবহার্য জিনিসপত্র বাড়ার সঙ্গে সঙ্গে নদী-নালা, খাল-বিল, মাঠ, বাজারসহ বিভিন্ন স্থানে আবর্জনা জমছে। এসব বর্জ্য পরিবেশের পাশাপাশি মানুষের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।

তিনি ‘আলোকিত লালমনিরহাট’-এর সদস্যদের পুরো জেলাকে আবর্জনামুক্ত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এ জন্য সুশৃঙ্খল ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে পরিত্যক্ত বর্জ্য নির্দিষ্ট স্থানে সংগ্রহ এবং অন্যান্য এলাকা পরিষ্কার রাখার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, সংগঠনটির সদস্যরা যেভাবে মাদকাসক্ত ব্যক্তিদের কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন এবং পারিবারিক বিরোধ মীমাংসায় ভূমিকা রেখেছেন, একইভাবে ঘরে ঘরে গিয়ে মানুষকে বর্জ্য সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে হবে।
বৃক্ষরোপণের বিষয়ে তারেক রহমান বলেন, পরিবারের প্রত্যেক সদস্যের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। একটি পরিবারের চার-পাঁচজন সদস্য থাকলে প্রতিবছর তাদের জন্মদিন উপলক্ষে কয়েকটি নতুন গাছ লাগানো সম্ভব। এভাবে সম্মিলিত উদ্যোগে দেশের বৃক্ষসম্পদ বাড়ানো যাবে।
তিনি আরও বলেন, শিশুদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাদের নামে মূল্যবান গাছ লাগানো যেতে পারে। এসব গাছ বড় হলে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, অন্যদিকে ভবিষ্যতে পরিবারের অর্থনৈতিক সম্পদ হিসেবেও কাজে আসতে পারে।
বাড়ির আশপাশে বড় গাছের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গাছপালা পরিবেশ শীতল রাখে, প্রকৃতির নির্মল বাতাস নিশ্চিত করে এবং ঝড়-তুফানসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ঘরবাড়ি সুরক্ষায় সহায়তা করতে পারে।
জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি পাখি, প্রজাপতি, পশুপাখি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল রক্ষার আহ্বান জানান। তাঁর মতে, নির্বিচারে গাছপালা কাটা, পাখি শিকার এবং প্রকৃতির স্বাভাবিক পরিবেশ নষ্ট করার কারণে আগের তুলনায় পাখি ও প্রজাপতির সংখ্যা কমে যাচ্ছে। প্রকৃতির প্রতিটি প্রাণীরই পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানুষের অস্তিত্ব গভীরভাবে সম্পর্কিত। পরিবেশ ধ্বংস হলে একপর্যায়ে মানুষের অস্তিত্বও হুমকির মুখে পড়বে। তাই নিজেদের এলাকা, দেশ এবং পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও সুজন মাহমুদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।











