বাংলাদেশ-ভুটান অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়াতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালুর ওপর গুরুত্বারোপ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


ভুটানের পররাষ্ট্র সচিব পেমা লেকটুপ দর্জি মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি (Gelephu Mindfulness City-GMC) উদ্যোগের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে কুড়িগ্রামে ভুটানের প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) দ্রুত কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, গেলেফু মাইন্ডফুলনেস সিটি ও কুড়িগ্রামের ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু হলে দুটি অঞ্চল পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করবে। এর ফলে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও ভুটানের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সম্পৃক্ততা আরও জোরদার হবে।
বৈঠকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আঞ্চলিক সহযোগিতার দূরদর্শী উদ্যোগের কথা স্মরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠার ধারণা তুলে ধরেছিলেন।
এ সময় বাংলাদেশ ও ভুটান সার্ককে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে। আঞ্চলিক সংহতি জোরদার এবং দক্ষিণ এশিয়ার জনগণের সম্মিলিত কল্যাণ নিশ্চিত করতে সার্ককে আরও কার্যকর করার বিষয়ে দুই পক্ষের মধ্যে মতৈক্য হয়।
ভুটানের পররাষ্ট্র সচিব পেমা লেকটুপ দর্জি তিন দিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে মঙ্গলবার বাংলাদেশ ও ভুটানের মধ্যে চতুর্থ ফরেন অফিস কনসালটেশন (FOC) অনুষ্ঠিত হয়।











