অগ্রণী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন নূর মোহাম্মদ


অগ্রণী ব্যাংক পিএলসি-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন ব্যাংকিং ও আর্থিক খাতের অভিজ্ঞ কর্মকর্তা জনাব নূর মোহাম্মদ। সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান উপব্যবস্থাপনা পরিচালকগণ, মহাব্যবস্থাপকগণ, বিভিন্ন ডিভিশনের উপমহাব্যবস্থাপকসহ ব্যাংকের সর্বস্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা।

দায়িত্ব গ্রহণকালে নতুন ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ বলেন, ৯৭৯টি শাখা এবং প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়ে অগ্রণী ব্যাংকের সামনে রয়েছে অপার সম্ভাবনা। সবাই একটি দল হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে ব্যাংকের অতীত সুনাম ও গৌরব পুনরুদ্ধার করা সম্ভব।
তিনি আধুনিক ব্যাংকিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তির উন্নয়ন, গ্রাহকসেবার মান বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় এবং ব্যবসা সম্প্রসারণকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্যাংকিং ও আর্থিক খাতে ২৮ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন নূর মোহাম্মদ অগ্রণী ব্যাংকে যোগদানের আগে যমুনা ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।











