সাইবার নিরাপত্তা আইন সংশোধনে নাগরিক অধিকার ও নিরাপত্তার সমন্বয়ের ওপর গুরুত্ব দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ


একটি গ্রহণযোগ্য ও কার্যকর সাইবার নিরাপত্তা আইন প্রণয়নে নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষার পাশাপাশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ‘ডেভেলপমেন্ট পার্টনারস কনসালটেশন অন দ্য ড্রাফট সাইবার সিকিউরিটি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ শীর্ষক পরামর্শ সভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি। এছাড়া প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ সভায় অংশগ্রহণ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা ও নাগরিকের মৌলিক অধিকার পরস্পরের পরিপূরক। একটি কার্যকর সাইবার নিরাপত্তা আইন এমন হতে হবে, যা মানুষের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোকে সাইবার ঝুঁকি থেকে সুরক্ষা দিতে সক্ষম।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখা প্রয়োজন। একই সঙ্গে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, নাগরিকদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে জনসচেতনতা ও ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি করা জরুরি, যাতে প্রত্যেক নাগরিক অনলাইন জগতে নিরাপদ থাকতে পারেন।
পরামর্শ সভায় উন্নয়ন সহযোগীদের মতামত ও সুপারিশকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, একটি উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার জগৎ প্রতিষ্ঠা করাই সবার অভিন্ন লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ ও গঠনমূলক অংশগ্রহণ প্রয়োজন।











