ওমানের কৃষি ও মৎস্য খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা যাচাইয়ে বাংলাদেশ সফর করেছে ওমানের শ্রম মন্ত্রণালয় এবং কৃষি ও মৎস্য খাতের প্রতিনিধিদল


ওমানের কৃষি ও মৎস্য খাতে দক্ষ ও প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা যাচাই করতে ওমানের শ্রম মন্ত্রণালয় এবং কৃষি ও মৎস্য খাতের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। সফরকালে প্রতিনিধিদল বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতের প্রশিক্ষণ ব্যবস্থা, অবকাঠামো, সংশ্লিষ্ট কার্যক্রম এবং দক্ষ জনশক্তি উন্নয়নের বিভিন্ন দিক সরেজমিনে পরিদর্শন করেন।
ওমানের শ্রম মন্ত্রণালয়ের Mr. Al Fadhal Mohammed Hamood Khalfan Al Jabri, Chairman of the Board of Directors of the Oman Agricultural Association-এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এ সফরে অংশ নেয়। প্রতিনিধিদলে Oman Fishermen’s Association-এর Chairman of the Board of Directors Ahmed Abdullah Said Al Bulushi-সহ সংশ্লিষ্ট খাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ছিলেন। সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তির সক্ষমতা সম্পর্কে ধারণা নেওয়া এবং ওমানের কৃষি ও মৎস্য খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাব্যতা যাচাই করা।
![]() |
![]() |
![]() |
![]() |
সফরের অংশ হিসেবে গত ৬ অক্টোবর ওমানের প্রতিনিধিদল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (BOESL) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়া ৭ অক্টোবর কৃষি ও মৎস্য খাতে কর্মী নিয়োগের সম্ভাবনা, বাংলাদেশের বিদ্যমান প্রশিক্ষণ ব্যবস্থা, অবকাঠামো এবং দক্ষ জনশক্তি উন্নয়নের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও BOESL-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ ও ওমানের মধ্যে শ্রমবাজারভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ, দক্ষ কর্মী উন্নয়ন এবং বাংলাদেশি কর্মীদের জন্য নতুন ও অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ওমানের কৃষি ও মৎস্য খাতে বাংলাদেশের প্রশিক্ষিত ও দক্ষ কর্মীদের নিয়োগের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
সফরকালে ওমানের প্রতিনিধিদল বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এর মধ্যে মৎস্য অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI), গাজীপুর এবং বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (BMET) আওতাধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (IMT), নারায়ণগঞ্জ উল্লেখযোগ্য।
মতবিনিময় সভায় BOESL-এর মাধ্যমে বিভিন্ন দেশে স্বচ্ছ, সুশৃঙ্খল, নৈতিক, নিরাপদ ও স্বল্প ব্যয়ে দক্ষ কর্মী প্রেরণের বিদ্যমান মডেল সম্পর্কে ওমানের প্রতিনিধিদলকে অবহিত করা হয়। বাংলাদেশের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির সক্ষমতা সম্পর্কে ধারণা লাভের পর প্রতিনিধিদল BOESL-এর উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং নিরাপদ ও নৈতিক অভিবাসন নিশ্চিতকরণের এ উদ্যোগকে স্বাগত জানান।
এ সময় ওমানের কৃষি ও মৎস্য খাতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে ওমানের প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানানো হয়। উভয় পক্ষই শ্রমবাজারভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং কৃষি ও মৎস্য খাতে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আগ্রহ প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ওমানের কৃষি ও মৎস্য খাতে বাংলাদেশি কর্মীদের নিয়োগের সম্ভাবনা বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের জন্য একটি নতুন শ্রমবাজার উন্মোচনের পাশাপাশি দক্ষ জনশক্তির বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে স্বচ্ছ, সুশৃঙ্খল, নিরাপদ ও নৈতিক অভিবাসন নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ ও ওমানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হবে।















