বাংলাদেশে ডব্লিউএফপির নতুন আবাসিক প্রতিনিধি কোকো উশিয়ামাকে স্বাগত জানিয়েছেন কানাডার হাইকমিশনার


বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর বাংলাদেশে নতুন আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামাকে স্বাগত জানিয়েছেন।
সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে হাইকমিশনার অজিত সিং কোকো উশিয়ামাকে বাংলাদেশে তাঁর নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশে ডব্লিউএফপির কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
কানাডা ও বিশ্ব খাদ্য কর্মসূচির মধ্যে দীর্ঘদিনের অংশীদারত্ব রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঝুঁকিপূর্ণ ও অসহায় জনগোষ্ঠীর সহায়তায় ডব্লিউএফপিকে কানাডা অন্যতম প্রধান দাতা হিসেবে সহযোগিতা করে আসছে। বাংলাদেশেও বিশেষ করে কক্সবাজারে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ডব্লিউএফপির মানবিক কার্যক্রমে কানাডার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
কানাডার হাইকমিশনার বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্য আরও সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে কোকো উশিয়ামা এবং তাঁর নেতৃত্বাধীন ডব্লিউএফপি দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে কানাডা আগ্রহী।











