নয়াদিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, প্রধান অতিথি ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমআই


যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপন করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সম্মান ও মর্যাদা সমুন্নত রাখা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
শনিবার (২১ নভেম্বর, ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স (ডিজিএমআই) লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত। অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের প্রতিরক্ষা উপদেষ্টা ও অ্যাটাশেগণ অংশ নেন।

বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে একটি অডিও-ভিজ্যুয়াল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক, পিএসসি। তিনি অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার মিজ প্রীতি রহমান তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সততা, সাহসিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের কথা উল্লেখ করেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ়করণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে গৃহীত উদ্যোগের বিষয়টিও তুলে ধরেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও প্রাতিষ্ঠানিক ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে আরও সক্ষম করে তুলতে বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দৃঢ় অঙ্গীকার রয়েছে।
ভারপ্রাপ্ত হাইকমিশনার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান এবং আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গভীর, বহুমাত্রিক ও বিস্তৃত। দুই দেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার অভিন্ন আকাঙ্ক্ষা এ সম্পর্কের অন্যতম ভিত্তি।
তিনি আরও বলেন, বাংলাদেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে সব বন্ধুপ্রতিম দেশ ও অংশীদারের সঙ্গে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধান অতিথির বিশেষ বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুদৃঢ় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পারস্পরিক আস্থা, উপলব্ধি ও শ্রদ্ধাবোধের ভিত্তিতেই এ সম্পর্ক গড়ে উঠেছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ও ভারতকে ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ স্বাভাবিক অংশীদার হিসেবে অভিহিত করে তিনি দুই দেশের বিদ্যমান সম্পর্কের বিশেষ গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।











