বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের


বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর, ২০২৬) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী চীনে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সফল সফরের কথা স্মরণ করেন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে চীনের সহযোগিতার বিষয়টি তিনি তুলে ধরেন।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশকে বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে চীনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির কথাও তুলে ধরেন।
বৈঠকে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। আলোচনায় বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর, চীনা অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দরের উন্নয়ন, রংপুরে প্রস্তাবিত ১ হাজার শয্যার হাসপাতাল, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময়, নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি সহযোগিতা এবং নারীর ক্ষমতায়নের বিষয় গুরুত্ব পায়।
এ সময় চীনা রাষ্ট্রদূত পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ থেকে নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে চীন সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম চীনা রাষ্ট্রদূতের আমন্ত্রণকে উষ্ণভাবে স্বাগত জানান এবং এ উদ্যোগের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।











