পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনের রাষ্ট্রদূত


পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (২০ সেপ্টেম্বর, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কার্যক্রম ব্যাপকভাবে দৃশ্যমান হয়েছে এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে তাঁর অবদান প্রশংসনীয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল করার ক্ষেত্রেও রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদানের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও চীনের সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২’ ব্যবস্থা-সহ বেশ কয়েকটি নতুন প্রাতিষ্ঠানিক সহযোগিতা কাঠামো চালু হওয়ার পথে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন করা তাঁর জন্য অত্যন্ত সম্মানের বিষয়। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। এটিকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীন ভবিষ্যতেও অব্যাহতভাবে সহযোগিতা ও সমর্থন দিয়ে যাবে।
এ সময় তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (IDCPC) মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী। ওই মন্ত্রীর বাংলাদেশের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, তাঁর বাবা বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানান এবং নতুন দায়িত্বে তাঁর সাফল্য কামনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতেও তাঁদের পথ আবার মিলিত হবে। বাংলাদেশে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্ব পালনকে আনন্দের সঙ্গে স্মরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।











