এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের


টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব এখনো অনেক পিছিয়ে রয়েছে। এ অবস্থায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী তাঁর ভিডিও বার্তায় এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার, বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
তিনি বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে কোনো দেশ একা এগিয়ে যেতে পারে না। এ জন্য আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক সহমর্মিতা এবং যৌথ দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা ভিডিও বার্তার মাধ্যমে তাঁদের বক্তব্য তুলে ধরেন।
এদিকে, আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।











