জনস্বাস্থ্য ও স্বাস্থ্য নিরাপত্তায় WHO-এর সঙ্গে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


জনস্বাস্থ্য, স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সঙ্গে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর, ২০২৬) নিজ দপ্তরে বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. আহমেদ জামশীদ মোহামেদের সঙ্গে বৈঠককালে তিনি এ গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ ও WHO-এর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে জনস্বাস্থ্য, স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্ব দেয়।
পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী দেশের স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধি এবং উদীয়মান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় WHO-এর অব্যাহত সহযোগিতা ও সহায়তার প্রশংসা করেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং স্বাস্থ্য খাতের অগ্রগতিতে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক অংশীদারত্বের গুরুত্বও তুলে ধরেন তিনি।
বৈঠকে WHO-এর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান ও পরিকল্পিত সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। এর মধ্যে স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ, সক্ষমতা বৃদ্ধি, রোগের নজরদারি এবং জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদারের বিষয়গুলো উল্লেখ করা হয়।
উভয় পক্ষ বাংলাদেশ ও WHO-এর মধ্যে সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করে। পাশাপাশি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে তারা একমত হন।











