সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত


ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে রবিবার (২০ সেপ্টেম্বর, ২০২৬) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি, কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, কমিটির সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এবং কমিটির সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

বৈঠকে জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিত দলগুলোর মধ্যে ১৫টি দল সরাসরি বৈঠকে অংশগ্রহণ করে এবং একটি দল লিখিত বক্তব্যের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কমিটির নিকট প্রস্তাব প্রেরণ করে।
বৈঠকে আলোচনার ভিত্তিতে এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬ সালের মধ্যেই সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা লিখিত আকারে কমিটির নিকট জমা দেওয়ার প্রস্তাব করা হয়। এ সময় জানানো হয়, জুলাই সনদের সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা এবং তাদের মতামতের ভিত্তিতেই সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হবে।
বৈঠকে স্বাক্ষরিত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বৈঠকে আইন মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।











