শুভেচ্ছা সফরে চীনের তিন নৌবাহিনী জাহাজ চট্টগ্রামে


পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনের নৌবাহিনীর তিনটি জাহাজ ‘থাং শান’ (TANG SHAN), ‘দা ছিং’ (DA QING) ও ‘থাই হু’ (TAI HU) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর, ২০২৬) জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।

চীনা নৌবাহিনীর জাহাজগুলোকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা, চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।
সফরকালে চীনা নৌবাহিনীর জাহাজগুলোর অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া সফরকারী জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি পরিদর্শনের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। একই সময়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও চীনের নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের সুযোগ পাবেন।
এই সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পারস্পরিক কার্যক্রম ও পেশাগত উৎকর্ষ সম্পর্কে সরাসরি জানার পাশাপাশি অভিজ্ঞতা ও মতবিনিময়ের সুযোগ পাবেন। একই সঙ্গে ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে এ সফর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শুভেচ্ছা সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের মধ্যে পেশাগত যোগাযোগ ও মতবিনিময় আরও জোরদার হওয়ার পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হবে।
সফর শেষে চীনের নৌবাহিনীর জাহাজ তিনটি আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।











