সাভারে কথাকাটাকাটির জেরে এসবির এসআইকে পিটিয়ে হত্যা


সাভারে কথাকাটাকাটির জেরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন আমিনবাজারের বড়দেশী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি রাজধানীতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) এসআই হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, শনিবার রাতে আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় সড়কে অবস্থান করছিলেন এসআই আলতাফ হোসেন। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি আরও ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে এসে আলতাফ হোসেনের ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হন এসআই আলতাফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।











