অটিজম ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান বাংলাদেশের


অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু সহায়তা গ্রহণকারী হিসেবে নয়, বরং শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সমাজের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে শুক্রবার (২৫ সেপ্টেম্বর, ২০২৬) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘অ্যাক্সেলারেটিং গ্লোবাল অ্যাকশন অন অটিজম: দ্য গ্লোবাল অটিজম অ্যাডভোকেসি কোয়ালিশন ফ্রম কমিটমেন্ট টু ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উদ্যোগটির প্রতি বাংলাদেশের সমর্থন জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অটিজম অন্তর্ভুক্তি ও সহায়তা নিশ্চিত করতে জাতীয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, প্রমাণভিত্তিক সমাধান, দক্ষ জনশক্তি উন্নয়ন, উদ্ভাবন ও বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে টেকসই জাতীয় সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে, যাতে অটিজমে আক্রান্ত ব্যক্তিরা তাদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সুযোগ ও সহায়তা লাভ করতে পারেন।
শামা ওবায়েদ ইসলাম অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক ও সামাজিক জীবনে কার্যকর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে কাতার, কাতার ফাউন্ডেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ (UNICEF) ও অটিজম স্পিকস। এতে বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।











