ঢাকায় অনুষ্ঠিত হলো জাপান ফেস্টিভ্যাল ২০২৬


বাংলাদেশে জাপানের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘জাপান ফেস্টিভ্যাল ২০২৬’। সাত বছর পর আয়োজিত এ উৎসবটি ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে জাপান দূতাবাসের উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি (SAIDA Shinichi)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হেভি নিতাই রায় চৌধুরী।
উদ্বোধনী পর্ব শেষে দর্শনার্থীদের জন্য জাপানের বিভিন্ন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। এর মধ্যে ছিল জাপানের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট কারাতে ও কেনদো প্রদর্শনী।
পরে জাপানি সংগীতশিল্পী জুটি বাজনা বিট (Bajna Beat) বাংলাদেশি শিল্পীদের সঙ্গে যৌথভাবে সংগীত পরিবেশন করেন। উৎসবের শেষ পর্বে ঐতিহ্যবাহী জাপানি নৃত্য পরিবেশন করেন জাপানের নৃত্যশিল্পী সেনজু এইনোজো (SENJU Einojo)।
উৎসবস্থলে দর্শনার্থীদের জন্য জাপানি সংস্কৃতির বিভিন্ন অভিজ্ঞতা সরাসরি নেওয়ার সুযোগও রাখা হয়। এর মধ্যে ছিল সাদো বা জাপানি চা-অনুষ্ঠান, বিভিন্ন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কার্যক্রম এবং জাপানি সংস্কৃতির নানা প্রদর্শনী।
এ ছাড়া জাপানি রন্ধনশৈলীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান দর্শনার্থীরা। দূতাবাসের একজন শেফের প্রস্তুত করা বিভিন্ন জাপানি খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি বনসাই ও ইকেবানাসহ জাপানের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন প্রদর্শন করা হয়।
জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্যও ছিল বিশেষ আয়োজন। শিক্ষার্থীরা জাপানে পড়াশোনার বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে পরামর্শদাতাদের কাছ থেকে তথ্য ও পরামর্শ নেওয়ার সুযোগ পান।
আয়োজকদের মতে, জাপান ফেস্টিভ্যাল ২০২৬ বাংলাদেশ ও জাপানের জনগণের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ আরও গভীর করার পাশাপাশি জাপানের বৈচিত্র্যময় ও সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের মানুষের পরিচিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।











