ডিজিটাল সহিংসতা প্রতিরোধে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের


নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘G77 and Emerging Partners Ministerial Roundtable on Technology Facilitated Violence against Women and Girls’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের জোরদার করা আইনগত ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ তুলে ধরেন। তিনি দ্রুত তদন্ত ও বিচার, আইনি সহায়তা, সামাজিক সুরক্ষা, পুনর্বাসন, নিরাপদ আশ্রয় এবং মনোসামাজিক সহায়তার বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।
নারীদের জন্য নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে সম্প্রতি চালু হওয়া নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস সার্ভিস’-এর কথাও তুলে ধরেন শামা ওবায়েদ ইসলাম।
তিনি সংঘাতপ্রবণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নারীদের সুরক্ষায় বাংলাদেশের ভূমিকার কথাও তুলে ধরেন। এ ক্ষেত্রে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের সহায়তার বিষয়টি উল্লেখ করেন তিনি।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘ঢাকা ডায়ালগ’ নামে বাংলাদেশের নেতৃত্বাধীন একটি উদ্যোগের বিষয়ও তুলে ধরেন। ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত এবং তা মোকাবিলায় স্বেচ্ছামূলক নির্দেশিকা প্রণয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বিভিন্ন সদস্য রাষ্ট্রকে এর Group of Friends-এ যোগ দেওয়ার আহ্বান জানান।
ক্রোয়েশিয়া ও জাতিসংঘ নারী সংস্থা (UN Women) আয়োজিত এ গোলটেবিল বৈঠকে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে উদীয়মান ডিজিটাল হুমকি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে অনলাইন হয়রানি, মানহানি, পরিচয় জালিয়াতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর নির্যাতনের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।











