জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে ওআইসি মহাসচিবের বৈঠক অনুষ্ঠিত


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিস এক্সেলেন্সি ইসমাইল ওল্ড শেখ আহমেদ।
বৈঠকে ওআইসি মহাসচিব জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। এ সময় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়। এর মধ্যে বিশেষ গুরুত্ব পায় ফিলিস্তিন ইস্যু, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, ইসলামোফোবিয়া ও বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সহযোগিতা।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, সংলাপ ও আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধি এবং অভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ওআইসির ভূমিকার প্রশংসা করেন।
তিনি ওআইসি মহাসচিবালয়ের সঙ্গে ভবিষ্যতেও সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।











