সংঘাত সহিংসতায় রূপ নেওয়ার আগেই মধ্যস্থতায় বিনিয়োগের আহ্বান বাংলাদেশের


অভিযোগ ও বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার আগেই মধ্যস্থতার মাধ্যমে তা নিরসনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৬) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তুর্কিশ হাউসে জাতিসংঘের ‘গ্রুপ অব ফ্রেন্ডস অব মেডিয়েশন’-এর ১৬তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি এ আহ্বান জানান।

বৈঠকে তিনি বলেন, “অভিযোগগুলো সহিংসতায় রূপ নেওয়ার আগেই আমাদের মধ্যস্থতা করতে হবে—যখন মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে কম থাকে।”
বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী মধ্যস্থতা ও শান্তি বিনির্মাণে সক্ষমতা বাড়াতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (BIPSOT)-এ পরিচালিত বাংলাদেশের Integrated Peacebuilding Competency Programme-এর কথাও উল্লেখ করেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম রাষ্ট্রসমূহ, আঞ্চলিক অংশীজন, স্থানীয় মধ্যস্থতাকারী এবং জাতিসংঘের মধ্যে আরও কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের উদ্যোগে জাতীয় মালিকানা ও নেতৃত্বের প্রতি যথাযথ সম্মান রাখার ওপর গুরুত্ব দেন।
তিনি সংঘাত প্রতিরোধে জাতিসংঘের সক্ষমতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এর মধ্যে পূর্বানুমেয় অর্থায়ন, দ্রুত মোতায়েনযোগ্য মধ্যস্থতা সহায়তা এবং আগাম সতর্কসংকেতের ভিত্তিতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী মধ্যস্থতার ক্ষেত্রে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গোপনীয়তা নিশ্চিত করতে যথাযথ সুরক্ষা ব্যবস্থা রাখার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত এ বৈঠকটি যৌথভাবে আয়োজন করে ফিনল্যান্ড ও তুরস্ক। এতে বিভিন্ন দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।











