প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর, ২০২৬) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের UN Bilateral Booth (GAL-7)-এ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে অর্থনৈতিক সম্পৃক্ততা ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-সৌদি সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাও উঠে আসে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সৌদি আরবের আগ্রহের কথা জানান। পাশাপাশি দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও মতবিনিময় করে।











