সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ‘দৈনিক ঢাকা ডায়লগ’ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন এর সম্পাদক


সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় সৌদি আরবের দূতাবাস আয়োজিত জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন জাতীয় দৈনিক ঢাকা ডায়লগ-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ক ধর্মীয় বন্ধন, ঐতিহাসিক যোগাযোগ, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। সময়ের সঙ্গে এই সম্পর্ক বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো, প্রতিরক্ষা, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে আরও বিস্তৃত কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার সম্ভাবনা দেখছে। জ্বালানি, বন্দর, অবকাঠামো, খাদ্য নিরাপত্তা ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে আরও গভীর সহযোগিতার সুযোগ রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহ তার বক্তব্যে বলেন, সৌদি আরব ও বাংলাদেশের শক্তিশালী সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে সমৃদ্ধি ও উন্নতি অর্জন করেছে। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, শ্রম এবং আন্তর্জাতিক সংস্থায় সহযোগিতা উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। এ অগ্রগতি সৌদি ভিশন ২০৩০ এবং বাংলাদেশের ভিশন ২০৪১-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


তিনি আরও বলেন, দুই দেশের সরকার ও জনগণের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে সরকারি পর্যায়ের বিভিন্ন কার্যক্রম ও যোগাযোগে। একই সঙ্গে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।











