জাতিসংঘে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, বাংলাদেশের ভবিষ্যৎ রূপকল্প এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার বার্তা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এ তথ্য জানিয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর, ২০২৬) স্থানীয় সময় রাত ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর পর ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, ‘দেশপ্রেম, আবেগ, অনুভূতি এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের ভবিষ্যৎ রূপকল্প কী হওয়া উচিত, কীভাবে বাংলাদেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে হবে এবং কীভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা যাবে, সেগুলো বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ঐতিহাসিক সফরে নিউইয়র্কে এসেছেন। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আমন্ত্রিত হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এসেছেন। এটি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ বলেও উল্লেখ করেন তিনি।
মাহ্দী আমিন আরও বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জাতিসংঘে বাংলাদেশের মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।











