বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা আরও গভীর করতে চায় ফ্রান্স


বাংলাদেশের সঙ্গে উন্নয়ন অংশীদারত্ব আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। পানি সরবরাহ, নগর অবকাঠামো, সুশাসন ও জলবায়ু অর্থায়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।
বুধবার (৭ অক্টোবর, ২০২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে (Jean-Marc Séré-Charlet)। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে ফরাসি রাষ্ট্রদূত সম্প্রতি অনুষ্ঠিত ‘রিভার ডায়ালগ—কল্লোলিনী’ (River Dialogue – Kallolini)-এর ফলাফল তুলে ধরেন। ফ্রান্সের উন্নয়ন সংস্থা এএফডি (Agence Française de Développement—AFD) অন্যান্য উন্নয়ন সহযোগীর সঙ্গে যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট উন্নয়ন উদ্যোগে অংশীদারত্বের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
বৈঠকে এএফডির মাধ্যমে ফ্রান্সের অর্থায়ন ও সহযোগিতায় পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে গন্ধর্বপুর পানি শোধনাগার, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় পর্যায় (সায়েদাবাদ-৩) এবং চট্টগ্রামের উত্তর কাট্টলী প্রকল্প।
এ ছাড়া নগর সুশাসন ও অবকাঠামোগত উন্নয়ন জোরদারে ইন্টিগ্রেটেড আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (IUGIP) এবং জলবায়ু অর্থায়ন এগিয়ে নেওয়ার বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা করেন তাঁরা।
সংশ্লিষ্ট প্রকল্পগুলোর লক্ষ্য হলো দেশের মানুষের জীবনমান ও জীবিকায় দৃশ্যমান এবং দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব সৃষ্টি করা। বিশেষ করে নিরাপদ পানি সরবরাহ, নগর অবকাঠামোর উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে ফ্রান্সের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে ফ্রান্সের অঙ্গীকারের কথা জানান তিনি।











