বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডি স্থাপনে ডিপি ওয়ার্ল্ডকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান


বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা এবং লজিস্টিকস খাতের উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি নিয়েও আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এ অংশীদারিত্বের মাধ্যমে টার্মিনালটির আধুনিকায়ন, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং দেশের বন্দর ও লজিস্টিকস অবকাঠামোর সক্ষমতা আরও জোরদার হবে।
এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্রি ট্রেড জোন এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো স্থাপনসহ নতুন বিনিয়োগের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলের আগ্রহ সম্পর্কে জানতে চান। জবাবে প্রতিনিধিদল এসব খাতে সহযোগিতা ও বিনিয়োগের বিষয়ে তাদের আগ্রহের কথা জানায়।
প্রধানমন্ত্রী বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগিয়ে বাণিজ্য ও লজিস্টিকস খাতের উন্নয়নে ডিপি ওয়ার্ল্ডসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষজ্ঞদের মতে, ফ্রি ট্রেড জোন, রেলভিত্তিক কনটেইনার পরিবহন এবং আধুনিক বন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক বিনিয়োগ দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে সহায়ক হতে পারে। একই সঙ্গে লজিস্টিকস ব্যয় কমানো, পণ্য পরিবহনে দক্ষতা বৃদ্ধি এবং আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোরও সুযোগ সৃষ্টি হতে পারে।











