CHOGM-এ বিদেশি বিনিয়োগ আকর্ষণে কৌশল নিয়ে আলোচনা অনুষ্ঠিত


কমনওয়েলথ বিজনেসওমেন’স নেটওয়ার্কের নির্বাহী পরিচালক আরিফ জামান সোমবার (৫ অক্টোবর ২০২৬) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে আগামী নভেম্বর ২০২৬-এ অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ হেডস অব গভর্নমেন্ট মিটিং (CHOGM)-কে সামনে রেখে বিদেশি বিনিয়োগ আকর্ষণের কৌশল নিয়ে আলোচনা হয়।
আলোচনায় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরার বিভিন্ন দিক উঠে আসে। বিশেষ করে নীতির ধারাবাহিকতা ও স্থিতিশীলতা নিশ্চিত করে বাংলাদেশকে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার বিষয়টি গুরুত্ব পায়।
এ সময় বাংলাদেশের কৃষি ও গ্রামীণ ব্যবসা খাতকে আরও শক্তিশালী করা, ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতিতে টেকসই বিনিয়োগের সুযোগ সৃষ্টি, নবায়নযোগ্য জ্বালানি এবং সার্কুলার ইকোনমি খাতে সম্ভাবনাময় বিনিয়োগের ক্ষেত্র নিয়েও আলোচনা করা হয়।
সাক্ষাতে আসন্ন CHOGM-এর পাশাপাশি অনুষ্ঠিতব্য কমনওয়েলথ উইমেন’স ফোরামের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের সম্ভাবনার সর্বোচ্চ বিকাশে এ ফোরামকে কার্যকরভাবে কাজে লাগানোর বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা করেন তারা।











